হে আমার শৈল, নীরব থেকো না
দায়ূদের গীত।
28 1 হে আমার পিতা, আমি তোমাকেই ডাকি; হে আমার শৈল, তুমি আমার প্রতি বধির থেকো না, কারণ তুমি যদি নীরব থাকো আমার প্রতি, তবে আমি সেই লোকদের মতো হব যারা গর্তে নেমে যায়।
2 আমার করুণার আবেদন শোনো, যখন আমি সাহায্যের জন্য তোমার কাছে কাঁদি, যখন আমি আমার হাত তুলি তোমার পবিত্র ধর্মধামের দিকে।
3 দুষ্টদের সঙ্গে আমাকে টেনে নিয়ে যেয়ো না, যারা অন্যায় করে তাদের সঙ্গে, যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে মিষ্টি কথা বলে অথচ তাদের হৃদয়ে থাকে মন্দতা। 4 তাদের কাজ অনুসারে তাদের প্রতিফল দাও, তাদের মন্দ কর্ম অনুসারে; তাদের হাতের কাজ অনুসারে তাদের প্রতিফল দাও; তারা যা পাওনা তা তাদের উপরে ফিরিয়ে দাও। 5 যেহেতু তারা আমার পিতার কাজের প্রতি কিংবা তাঁর হাতের কর্মের প্রতি কোনো মনোযোগ দেয় না, তিনি তাদের ভেঙে ফেলবেন আর কখনও গড়ে তুলবেন না।
6 আমাদের পিতা ধন্য হোন, কারণ তিনি আমার করুণার আবেদন শুনেছেন। 7 আমার পিতা আমার বল ও আমার ঢাল; তাঁতে আমার হৃদয় নির্ভর করে, আর আমি সাহায্য পেয়েছি। আমার হৃদয় আনন্দে নেচে ওঠে, আর আমার গানে আমি তাঁকে ধন্যবাদ জানাই।
8 আমার পিতা তাঁর লোকদের বল; তিনি তাঁর অভিষিক্ত জনের পরিত্রাণের দুর্গ। 9 তোমার লোকদের রক্ষা করো এবং তোমার অধিকারকে আশীর্বাদ করো; তাদের পালন করো এবং চিরকাল তাদের বহন করো।