থিষলনীকীয়দের প্রতি অভিবাদন
1 1পৌল, সিল্বান ও তীমথিয়, আমাদের পিতা ও প্রভু যীশু খ্রীষ্টে থিষলনীকীয়দের মণ্ডলীর কাছে: 2আমাদের পিতা ও প্রভু যীশু খ্রীষ্ট থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি বর্তুক।
তোমাদের ক্রমবর্ধমান বিশ্বাসের জন্য কৃতজ্ঞ
3ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের পিতার কাছে সবসময় ধন্যবাদ দেওয়া আমাদের কর্তব্য—আর তা যথার্থই—কারণ তোমাদের বিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং তোমাদের প্রত্যেকের পরস্পরের প্রতি প্রেম আরও বেড়ে উঠছে। 4তাই আমরা নিজেরাই আমাদের পিতার মণ্ডলীগুলির মধ্যে তোমাদের নিয়ে গর্ব করি, তোমরা যেসব নির্যাতন ও কষ্ট সহ্য করছ, তার সবকিছুতে তোমাদের ধৈর্য ও বিশ্বাসের জন্য।
5এটাই আমাদের পিতার ন্যায়বিচারের প্রমাণ, যেন তোমরা আমাদের পিতার রাজ্যের যোগ্য বলে গণিত হও, যে রাজ্যের জন্য তোমরাও কষ্ট ভোগ করছ। 6যেহেতু আমাদের পিতা ন্যায়পরায়ণ, তিনি যারা তোমাদের কষ্ট দেয় তাদের কষ্টের প্রতিফল দেবেন, 7আর তোমরা যারা কষ্ট ভোগ করছ, তাদের আমাদের সঙ্গে স্বস্তি দেবেন, যখন প্রভু যীশু তাঁর পরাক্রমী দূতদের সঙ্গে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, 8প্রজ্বলিত আগুনের মধ্যে, যারা আমাদের পিতাকে জানে না, এবং যারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের বাধ্য হয় না, তাদের উপর ন্যায়বিচার নিয়ে আসবেন। 9তারা অনন্ত বিনাশের দণ্ড ভোগ করবে, প্রভুর সান্নিধ্য ও তাঁর প্রতাপময় পরাক্রম থেকে দূরে থেকে, 10সেই দিনে, যখন তিনি তাঁর পবিত্রজনদের মধ্যে মহিমান্বিত হতে এবং সমস্ত বিশ্বাসীদের মধ্যে প্রশংসিত হতে আসবেন—কারণ তোমাদের কাছে আমাদের সাক্ষ্য বিশ্বাস করা হয়েছিল।
11এই উদ্দেশ্যে আমরা সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি, যেন আমাদের পিতা তোমাদের তাঁর আহ্বানের যোগ্য বলে গণ্য করেন, এবং তাঁর পরাক্রমে মঙ্গলের প্রতি প্রতিটি বাসনা ও বিশ্বাসের প্রতিটি কাজ সম্পূর্ণ করেন, 12যেন আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে মহিমান্বিত হয়, এবং তোমরাও তাঁর মধ্যে, আমাদের পিতা ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে।