হাল্লেলূয়া
111 1 হাল্লেলূয়া! আমি সমস্ত হৃদয় দিয়ে আমাদের পিতার প্রশংসা করব, সরল লোকদের সংগে ও মণ্ডলীর মধ্যে। 2 আমাদের পিতার কাজ মহৎ, যারা তাতে আনন্দ করে তারা সকলে তা অনুধ্যান করে। 3 তাঁর কাজে প্রকাশ পায় প্রতাপ ও মহিমা, আর তাঁর ধার্মিকতা চিরকাল স্থায়ী। 4 তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করে রেখেছেন; আমাদের পিতা কৃপাময়, তাঁর হৃদয় করুণায় পূর্ণ। 5 যারা তাঁকে ভয় করে তিনি তাদের খাদ্য দেন; তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন। 6 তিনি তাঁর লোকদের তাঁর কাজের পরাক্রম দেখিয়েছেন, তাদের জাতিগণের অধিকার দান করেছেন। 7 তাঁর হাতের কাজ বিশ্বস্ত ও ন্যায্য; তাঁর সমস্ত আদেশ নির্ভরযোগ্য। 8 সেগুলি যুগে যুগে চিরস্থায়ীভাবে সুস্থির, বিশ্বস্ততায় ও সরলতায় সম্পাদিত। 9 তিনি তাঁর লোকদের কাছে মুক্তি পাঠিয়েছেন; তিনি তাঁর নিয়ম চিরকালের জন্য স্থির করেছেন। পবিত্র ও ভয়াবহ তাঁর নাম। 10 আমাদের পিতাকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ; যারা তা পালন করে তারা সকলে সুবিবেচনা লাভ করে। তাঁর প্রশংসা চিরকাল স্থায়ী। a a v10 এখানে ভয় বলতে ভীতি বা আতঙ্ক নয়, বরং শ্রদ্ধাপূর্ণ বিস্ময় ও গভীর সম্মান বোঝায়।